কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন
মাইনুল হক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির আয়োজনে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউছুফ রেইন৷
উপস্থিত সাংবাদিকদের মাঝে ক্রিকেট উপ-কমিটির সভাপতি সাইফুল আলম রনি সাংবাদিকদের বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারী থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে কনসার্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে৷ তিনি আরো জানান কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২৭টি ওয়ার্ডের সম্পৃক্ততার মধ্য দিয়ে মোট ১৩ টি টিম এই খেলায় অংশগ্রহণ করবে। টিমগুলো হল এ গ্রুপ কিংস ইলেভেন ছোটরা, সানরাইজার্স, এনসিসি কিংস, গ্ল্যাডিয়েটরস অফ টেন। বি গ্রুপে ইস্ট জোন সুপার কিংস, সাউথ টাইগার্স, সি এম কে রাইডার্স। সি গ্রুপে মোগল কিংস, শালবন ওয়ারিয়ার্স এবং ওয়েলফেয়ার ইউনাইটেড। ডি গ্রুপের টিম হলো অ্যান্ডারসন টুয়েন্টি ওয়ান, রয়েল অব গোমতী এবং ইলেভেন টাইগার্স।
এছাড়া সংবাদ সম্মেলনে ক্রিকেট টুর্ণামেন্ট উৎযাপনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। টুর্ণামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জানানো হয়।










