নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ১৬ অক্টোবর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।
মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী।
তার জন্ম ১৯৭৬ সালের ১৩ ই জানুয়ারি সৌদি আরবের মদিনায়। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন।
শায়খ আল-জুহানি ২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি বিশ্বব্যাপী।
মসজিদে নববি
আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি।
তিনি প্রবীণ আলেম ও কারি মসজিদে নববির খতিব শায়খ আলি আল হুজায়ফির ছেলে।
শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন






