চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না: সাকিবকে গায়িকা
স্পোর্টস ডেস্ক: লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলংকায় রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এলপিএলের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুবাদে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে ‘মানিকে মাগে হিতে’খ্যাত গায়িকা ইয়োহানির।
স্বভাবতই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতি বাড়তি আকর্ষণ ছিল গায়িকার।
‘মানিকে মাগে হিতে’ গায়িকার সঙ্গে কথোপকথনে শ্রীলংকা সফরের অভিজ্ঞতা শোনালেন বাংলাদেশের অলরাউন্ডার, পরে দুজন একসঙ্গে ধরলেন গান।
ইয়োহানি ডি সিলভা সাকিবকে বলেন, যেহেতু আজকে আপনার সঙ্গে এখানে আছি, এলপিএল সিংগিং চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না। আপনি কি প্রস্তুত?’ সাকিব আল হাসান তখন হাসতে হাসতে বললেন, ‘আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করব… জীবনে কখনো গান গাইনি…।
ইয়োহানি গাইলেন বলিউডের ‘ব্রক্ষ্মচারী’ চলচ্চিত্রের সেই বিখ্যাত গান ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কে চার্চে হার জুবান পার’, মোহাম্মদ রাফি ও সুমান কল্যাণপুরের কণ্ঠে এবং পর্দায় শাম্মী কাপুর ও মুমতাজের নান্দনিক উপস্থাপনায় যে গান এখনো তুমুল জনপ্রিয়। ইয়োহানির সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই গানের দুই লাইন গেয়ে হাসিতে ফেটে পড়েন সাকিব।
সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিতে’ গান দিয়ে ২০২১ সালে আলোড়ন ফেলে দেন গায়িকা ইয়োহানি। গানটি শ্রীলংকা ছাড়াও ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজনাও করেন।









