ম্যাকগ্রার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার মতে ভারতে অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপ হবে তুমুল প্রতিদ্বন্দিতামূলক। তার মতে স্বাগতিক ভারতসহ সেমিফাইনালে খেলার দৌঁড়ে ফেভারিট পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
দশ দলকে নিয়ে আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ইতোমধ্যে বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। মাঠের লড়াইয়ে নামার আগে কাগজে-কলমে সেরা চার দলকে বেছে নিলেন ম্যাকগ্রা।
তিনি জানান, হোম কন্ডিশনের কারণে শিরোপা জয়ে সবার চেয়ে এগিয়ে থাকবে ভারত। গেল কয়েক বছরের পারফরম্যান্সের বিচারে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবীদার পাকিস্তান ও ইংল্যান্ড। বড় মঞ্চে সবসময়ই জ্বলে ওঠে অস্ট্রেলিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে।’
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক ম্যাকগ্রা। টুর্নামেন্টে ৩৯ ম্যাচে ১৮.১৯ গড় ও ৩.৯৬ ইকোনমিতে ৭১ উইকেট শিকার করেছেন তিনি। চার বিশ্বকাপ খেলা ম্যাকগ্রা বলেন, ‘আমি যদি অস্ট্রেলিয়াকে শেষ চারে রাখি তাহলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন না। অবশ্যই, ঘরের মাঠে খেলবে ভারত। ইংল্যান্ড দারুণ ক্রিকেট খেলছে। পাকিস্তানও ভালো ফর্মে রয়েছে। এই চারটি দলকে শেষ চারে দেখছি।’
এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ দু’বার করে শিরোপা ঘরে তুলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্বে বাঁধা টপকাতে না পারায় এবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবীয়রা। একবার করে শিরেপা জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০১৯ সালে ঘরের মাঠে সর্বশেষ আসরে প্রথমবারের মত বিশ্বকাপ জিতেছিলো ইংলিশরা।










