নিউজ ডেস্ক: নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক ও নটরাজ নৃত্যাঙ্গণ কুমিল্লা এর পরিচালক অভিজিৎ সরকার।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘নৃত্যময় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা স্বর্ণপদক ২০২৬’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
নৃত্যচর্চা ও প্রশিক্ষণের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অভিজিৎ সরকারের এ স্বীকৃতিতে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জনে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়েছেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অভিজিৎ সরকার বলেন, “আমি একজন প্রান্তিক পর্যায়ে কাজ করা তরুণ নৃত্য প্রশিক্ষক। নৃত্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
অভিজিৎ সরকার তাঁর বক্তব্যে নৃত্যচর্চার পথচলায় যেসব গুরুজন শিক্ষা, আশীর্বাদ ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নটরাজ নৃত্যাঙ্গণ কুমিল্লা, জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, তাঁর পথচলায় মা-বাবার ভালোবাসা, ত্যাগ ও আশীর্বাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বন্ধু ও সহধর্মিণী শ্রাবণী পালের ভালোবাসা ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
আগামীতেও নৃত্যকলার চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যেতে চান অভিজিৎ সরকার। তাঁর এ অর্জন কুমিল্লার স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন প্রেরণা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।






