57355

নাগরিকদের সমান ও নিরাপদ বোধ নিশ্চিতে তুরস্ক কাজ করছে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জাতিগত বা ধর্মীয় পটভূমি নির্বিশেষে ৮৫ মিলিয়ন নাগরিক যাতে আঙ্কারায় সমান এবং নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করার জন্য তার প্রশাসন কাজ করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানী আঙ্কারায় ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিদের সঙ্গে ইফতারের আয়োজন করেন এরদোগান। সেখানে তিনি ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার প্রতি তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ads

বক্তব্য রাখতে গিয়ে এরদোগান জোর দিয়ে বলেন, তার প্রশাসন জাতিগত বা ধর্মীয় পটভূমি নির্বিশেষে ৮৫ মিলিয়ন নাগরিক যাতে তুরস্কে সমান এবং নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করার জন্য কাজ করেছে।

তিনি বলেন, ‘আমাদের অমুসলিম নাগরিকরা যাতে কোনও অস্বস্তির অনুভূতি না পান তা নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

ads

ইফতার অনুষ্ঠানে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ, উচ্চপদস্থ তুর্কি কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোগান বিভিন্ন ধর্মের মধ্যে সহাবস্থানে তুরস্কের গভীর ঐতিহ্য তুলে ধরেন।

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘ইস্তাম্বুল থেকে মারদিন এবং হাতাই পর্যন্ত, প্রার্থনার জন্য আজান, গির্জার ঘণ্টা এবং সিনাগগের স্তবগান শতাব্দীর পর শতাব্দী ধরে সহাবস্থান করে আসছে। মসজিদ, গির্জা এবং সিনাগগগুলো পাশাপাশি দাঁড়িয়ে আছে, একই রাস্তা এবং শহর ভাগ করে নিয়েছে। ’

এরদোগান এই ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়েছেন, বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্বব্যাপী ঘৃণামূলক বক্তব্য এবং সাংস্কৃতিক অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, ‘ক্রমবর্ধমান বর্ণবাদ এবং ধর্মান্ধতার যুগে, আমাদের বৈচিত্র্যকে সামাজিক সমৃদ্ধির উৎস হিসেবে দেখার ঐতিহ্যকে শক্তিশালী করতে হবে। ’

তার দলের শাসনের ২৩তম বছর উপলক্ষে এরদোগান জোর দিয়ে বলেন, ‘তুরস্ক সকল নাগরিকের জন্য ধর্মীয় স্বাধীনতা প্রসারিত করেছেন। ’

তথ্যসূত্র: হুরাইত

ad

পাঠকের মতামত