56737

ঐক্যের পথকে নতুন করে আবিষ্কারের আহ্বান জি এম কাদেরের

নিউজ ডেস্ক: বাংলাদেশ এখন এক কঠিন সময় অতিবাহিত করছে উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ঐকমত্য প্রতিষ্ঠায় নতুন পথ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ads

জি এম কাদের বলেন, ‘বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এ থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময়ই শক্তি। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা পেয়েছে যখন সমগ্রজাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে।’

সামাজিক ঐক্য বিনষ্ট করার প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত-বিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত।’

ads

ঐক্য অনুসন্ধানে ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমাদের জনগণ সর্বদা শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে।’

পবিত্র রমজান মাসে সেই ঐক্য প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘এই যাত্রা শুরু করার জন্য পবিত্র রমজান মাসের চেয়ে আর কি ভালো সময় হতে পারে? আসুন রমজান অনুপ্রাণিত করে, এমন সহানুভূতির, সমঝোতার, বন্ধুত্বের চেতনাকে আমরা আলিঙ্গন করি। আসুন আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জল ভবিষ্যৎ গড়তে কাজ করি। এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব।’

জি এম কাদের বলেন, জাতি হিসেবে বাংলাদেশ সবসময়ই ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’ নীতি লালন করেছে। এটি হল সেই পথপ্রদর্শক আলো, যা আন্তর্জাতিক মঞ্চে আমাদের পথকে আলোকিত করে। এটি অবশ্যই নিজস্ব সীমানার মধ্যেও আমাদের আলিঙ্গন করতে হবে।’

Ezoic
কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরল্যান্ড গুলব্রান্ডসেন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত, নেপালের ফাস্ট সেক্রেটারি, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইইউ, ইরান, কসোভো, ইতালি, আর্জেন্টিনা, ভ্যাটিকান সিটির দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাসদ (ইনু) যুগ্ম সম্পাদক মো. মহসিন, ভাইস প্রেসিডেন্ট জুয়েল রহমান, ইসলামি ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজ্জী, শিক্ষাবিদ ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

ad

পাঠকের মতামত