ভাবির সঙ্গে ‘গোপনে’ সাক্ষাৎ করলেন প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক ডেস্ক: এক সময় প্রিন্স হ্যারির সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ভাবি কেট মিডলটনের। তাকে তিনি ‘তার কখনো ছিল না এমন একজন বোন’ বলতেন। শুধু তার সঙ্গেই নয়, সাসেক্সের ডিউকের সঙ্গে তার তিন সন্তানেরও ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যেত।
তবে, স্ত্রী মেগান মার্কেলের সঙ্গে বিয়ের পর রাজকীয় পদ থেকে সরে আসায় প্রিন্স হ্যারির সঙ্গে ১১ বছর বয়সী প্রিন্স জর্জ, ৯ বছর বয়সী প্রিন্সেস শার্লট এবং ছয় বছর বয়সী প্রিন্স লুইসের আর দেখা হয়নি।
এবার ভ্যালেন্টাইন্স ডে উইকঅ্যান্ডে প্রিন্স হ্যারির ভাই প্রিন্স উইলিয়াম, ভাবি কেট মিডলটন ও তাদের সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্লোজার ম্যাগাজিনের ঘনিষ্ঠ একটি অভ্যন্তরীণ সূত্র এ তথ্য জানিয়েছে।
ম্যাগাজিনটির অভ্যন্তরীণ সূত্র মতে, কয়েক মাস আগে কেট যখন যুক্তরাজ্য ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন তখন তিনি প্রিন্স হ্যারির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে তাদের মুস্টিক আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা জানিয়েছিলেন।
সে সময় কেট মিডলটন বলেছিলেন, ‘এটি হ্যারির জন্য তার, উইলিয়াম ও তাদের বাচ্চাদের সঙ্গে সাক্ষাতের ভালো একটি সুযোগ হতে পারে। ’
সূত্রটি আরও জানিয়েছে, শেষ মুহূর্তে হ্যারি বেশ তাড়াহুড়ো করে দেখা করতে এসেছিলেন। কেট ও উইলিয়াম যেখানে ছিলেন তিনি তার কাছাকাছি তার এক বন্ধুর ভিলায় অবস্থান করেন।
সূত্র মতে, হ্যারি আসার পরদিন কেট তাকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রথমে প্রিন্স হ্যারিকে খুব অস্থির মনে হয়েছিল, তবে বাচ্চাদের সঙ্গে খেলাধুলার পর তাকে বেশ শান্ত দেখাচ্ছিল। তিনি সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলেন।
অভ্যন্তরীণ সূত্র আরও বলছে, কেট দুই ভাইয়ের কথা বলানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু প্রিন্স উইলিয়াম বেশি আগ্রহী ছিলেন না। ভাইয়ের প্রতি ‘আস্থা না থাকায়’ তিনি বেশ সতর্ক ছিলেন।
ওয়েলস পরিবার এবং সাসেক্সের প্রতিনিধিরা এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সূত্র: দ্য ইন্টারন্যাশনাল নিউজ










