কারচুপি বলে মনে হচ্ছে: নতুন অভিযোগের নিন্দায় ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন নির্বাচনে ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার পর তিনি বলেছেন, আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-এ ট্রাম্প লিখেছেন, আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে। কেন তারা আড়াই বছর আগে অভিযুক্ত করেনি? কারণ তারা আমার রাজনৈতিক প্রচারের মাঝখানে এটি করতে চেয়েছিল। ডাইনি ধরা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে রাজ্যের ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ফলে এ বছর চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন তিনি।
নির্বাচনে হস্তক্ষেপের ১৩টি অভিযোগের সবকটিই অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
৯৮ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প এবং তার ১৮ সহযোগীর বিরুদ্ধে আনা ৪১টি ফৌজদারি অভিযোগের মধ্যে অসাধু ও প্রতারণামূলক অভিযোগ রয়েছে।
২০২০ সালের নির্বাচনের দুই মাস পর জর্জিয়াসহ বিভিন্ন দোদুল্যমান অঙ্গরাজ্যে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয় ট্রাম্পের দল রিপাবলিকানের পক্ষ থেকে। সে সময় জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পারগারকে একটি ফোন কল করেছিলেন ট্রাম্প। তাকে বলেছিলেন, প্রায় ১২ হাজার বা ফল পাল্টে দেওয়ার মতো ভোট খুঁজে বের করতে। হুমকি এতটা ভয়ংকর ছিল যে এক কর্মীকে লুকিয়েও রাখা হয়েছিল।











