আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুকে মানবতার ওপর ‘দগদগে ঘা’ বলে উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে সাপ্তাহিক এক প্রার্থনা সভায় গতকাল রোববার (১৩ আগস্ট) তিনি এ কথা বলেন। খবর আরব নিউজ।
গত ৯ আগস্ট ইতালির ল্যাম্পেডুসার উপকূলে নিখোঁজ হওয়া ৪১ জনের জন্য এদিন প্রার্থনা করেন পোপ। ওই ঘটনায় মাত্র ৪ জনকে উদ্ধার করা গেছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভূমধ্যসাগরে দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। এসব ঘটনাকে ‘মানবতার জন্য অত্যন্ত বেদনার ও লজ্জা’র বলে উল্লেখ করেন ৮৬ বছর বয়সী পোপ।
এদিন সেন্ট পিটার্স স্কয়ারে আগত তীর্থযাত্রীদের সঙ্গে প্রার্থনায় অংশ নেন এ ধর্মনেতা। তিনি ভ্যাটিকানের জানালা থেকে বিশ্বনেতাদের উদ্দেশে আহ্বান জানান।
চলমান অভিবাসন সমস্যা সমাধানে বিশ্বের সব রাজনীতিবিদ ও কূটনীতিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উদ্ধারকারী বিভিন্ন সংস্থার কাজের প্রশংসাও করেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরে উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেছে। যাদের মধ্যে দুই হাজার ৬০ জনের মতো নৌকাডুবিতে মারা গেছেন। এতে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী রয়েছেন।






