জন্মের পর থেকে বাংলাদেশের অর্জন বিস্ময়কর: বরিস জনসন
ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘এখন আমরা ব্রিটিশ ও বাংলাদেশী বন্ধুত্বের আগামী ৫০ বছরের প্রত্যাশায় রয়েছি এবং আমি আপনাদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
শুক্রবার (২৬) সন্ধ্যায় ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে উদযাপন অনুষ্ঠানে প্রচারিত বার্তায় জনসন বলেন, ‘জন্মের পর থেকে আপনারা জাতি হিসেবে কতটা অর্জন করেছেন তা চিন্তা করা বিস্ময়কর।’
বরিস জনসন বলেন, ১৯৭২ সালে লন্ডনের ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফর যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ‘বন্ধুত্ব গড়ার সহায়ক’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন ২০১৮ সালে তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন, যখন তাকে ‘অনেক আন্তরিক এবং উদারতার সঙ্গে’ স্বাগত জানানো হয়। তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বন্ধনের উপর জোর দেন, যা ৬ লাখ ব্রিটিশ-বাংলাদেশী গঠিত একটি শক্তিশালী কমিউনিটি যারা যুক্তরাজ্যে প্রতিদিন অবদান রাখছেন।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিশেষ করে আমাদের এনএইচএস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর চমৎকার চিকিৎসক এবং নার্সদের কথা, যাদের অনেকেই কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের যুদ্ধে মানুষের চিকিৎসা এবং টিকা দিতে সাহায্য করছে।’
জনসন বাংলাদেশকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে আখ্যায়িত করেন এবং যুক্তরাজ্য ও বাংলাদেশ আরও সমৃদ্ধ এবং পরিবেশগত ভাবে টেকসই ভবিষ্যৎ গঠনের উচ্চাকাক্সক্ষা ভাগাভাগি করার ওপর জোর দেন।









