২৬ মার্চ চালু হচ্ছে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন, উদ্বোধন করবেন হাসিনা-মোদি
নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তীতে আগামী ২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় নতুন এই আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করা হবে। ট্রেনটি ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশনে পৌঁছাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন এ ট্রেনের উদ্বোধন করবেন বলে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে।
রেল মন্ত্রণালয় সূত্র বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে এই আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন উদ্বোধন হতে পারে। ট্রেনটি নীলফামারীর চীলাহাটি-হলদিবাড়ী রুটে ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশন পর্যন্ত চলবে।
তবে ট্রেনটি সপ্তাহে কতদিন চলবে, ছাড়া ও পৌঁছানোর সময়, ভাড়া, ইমিগ্রেশন, ট্রেনের নাম এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এসব নিয়ে দুই দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলে জানা গেছে।










