‘ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে, আতঙ্কের কিছু নেই’
নিউজ ডেস্ক: এলজিআরডি মন্ত্রণালয় থেকে দুই সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতা দেয়ায় এবার ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এখন অ্যানোফিলিস ও কিউলেক্স মশা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই মশাগুলো খুব বিপদজনক নয়। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
বুধবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর পান্থপথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র’ (এসটিএস) এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এলজিআরডিমন্ত্রী।
এর আগে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে সিটি কর্পোরেশনের অধীন নন্দীপাড়া ব্রিজ (জিরানী খাল), সুখ নগর ব্রিজ (খিলগাঁও-বাসাবো খাল, জিরানী খাল, মান্ডা খাল ও সেগুনবাগিচা খালের সংযোগস্থল), পাম্প স্টেশন, কমলাপুর (টিটিপাড়া) বহিঃগমন বিশ্বরোড কমলাপুর খাল, শ্যামপুর খাল এবং পান্থকুঞ্জ পার্ক বক্স কালভার্ট পরিদর্শন করেন তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ঢাকা শহরের খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারলে এসব মশার অত্যাচার থেকে নগরবাসীকে অনেকাংশে মুক্তি দেয়া সম্ভব। তাই রাজধানীর খালগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি খালের দুই পাশ অবৈধভাবে দখল করে নির্মিত সব অবকাঠামো উচ্ছেদ করা হবে।
দুই মেয়র, কাউন্সিলর, নগর প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় একাজ সম্পন্ন করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, ওয়াসার কাছ হতে খাল হস্তান্তরের পর থেকেই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই মেয়র খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, যারা এসব খাল দখল করে দুই পাশে ভবন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছেন সেগুলো অপসারণ করছেন।
নগরীর সকল খাল রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ের নেতৃত্বে দুই মেয়রকে নিয়ে অনেকগুলো সভা করে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মো. তাজুল ইসলাম।
জলাবদ্ধতা নিরসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সবাইকে সাথে নিয়ে যেভাবে কাজ করছে তাতে করে এ বছর নগরীতে জলাবদ্ধতার যে প্রতিচ্ছবি তৈরি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।










