ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক: ইউরোপীয় কমিশনের পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ নিবন্ধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ইউরোপীয় কমিশনের বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচিতে আবেদনকারী বা অংশীদার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ৮৬২৮৪৪৪৮৯ নম্বরের পিআইসি বরাদ্দ করা হয়েছে।
এ নিবন্ধনের ফলে বিশ্ববিদ্যালয়টি ইরাসমাস+, হরাইজন ইউরোপ, জিন মোনেটসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়িত বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের প্রাতিষ্ঠানিক সুযোগ পাবে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প, অনুদান অর্জন এবং বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধনের ফলে ইউরোপীয় ও অন্যান্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, প্রকাশনা এবং বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ বাড়বে। তবে পিআইসি পাওয়া মানেই সরাসরি কোনো প্রকল্প বা অর্থায়ন পাওয়া নয়। এটি মূলত এসব কর্মসূচিতে আবেদন ও অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক দরজা খুলে দেয়।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের মূল কাজ হলো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি করা এবং এই সুযোগকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বাস্তব সুবিধায় রূপ দেওয়া।’
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইরাসমাস+ কর্মসূচির অর্গানাইজেশন আইডি (ওআইডি) অর্জন করে। বিশ্ববিদ্যালয়টির ওআইডি নম্বর ই১০৪১৩৮৯৫। ওআইডি মূলত ইরাসমাস+ কার্যক্রমে ব্যবহৃত হলেও পিআইসি ইউরোপীয় কমিশনের আরও বিস্তৃত গবেষণা, উদ্ভাবন ও অর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে।









