বেইজিংয়ে চীনা ও কাজাখ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক: সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ারমেক কোশেরবায়েভের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে ওয়াং ই বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের কৌশলগত দিকনির্দেশনা ও ব্যক্তিগত উদ্যোগে চীন-কাজাখস্তান সম্পর্ক দৃঢ় স্থিতিশীলতা ও নতুন প্রাণশক্তি অর্জন করেছে।
তিনি জানান, প্রেসিডেন্ট তোকায়েভ শিগগিরই ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে চীন সফর করবেন। এ সময় দুই রাষ্ট্রপ্রধান দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশলগত মতবিনিময় করবেন, যা দুই দেশের সম্পর্কে এনে দেবে নতুন গতি।
ওয়াং ই আরও বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতা সংক্রান্ত উদ্যোগে কাজাখস্তানের অংশগ্রহণকে চীন স্বাগত জানায় এবং আন্তর্জাতিক ন্যায়বিচার ও বহুপাক্ষিকতা সমুন্নত রাখতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তার দেশ।
বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান কোশেরবায়েভ। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিচক্ষণ নেতৃত্বে চীন উচ্চমানের উন্নয়নের লক্ষ্যে আরও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে বলে কাজাখস্তান দৃঢ়ভাবে বিশ্বাস করে।










