কসোভোর ১৮তম স্বাধীনতাবার্ষিকী অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারি
নিউজ ডেস্ক: কসোভোর ১৮তম স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনার আমন্ত্রণে সেই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার কসোভোর ঢাকাস্থ রাষ্ট্রদূত লুজিম পলনার মাধ্যমে কসোভোর রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউ’র প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
এ সময় গোলাম পরওয়ার উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি উভয় ভ্রাতৃপ্রতীম দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী অতিথিরা কসোভোর স্বাধীনতার এই গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন।










