ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার
স্পোর্টস ডেস্ক: মাত্র ৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার কেন রিচার্ডসন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
ঘরোয়া ক্রিকেটে নির্দান টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলা রিচার্ডসনের ২০০৮-০৯ মৌসুমে ‘লিস্ট এ’ ক্রিকেটে অভিষেক হয়। ২০১৩ সালে জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।
বিগ ব্যাশ লিগে রিচার্ডসনের ক্যারিয়ার ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি সেই গুটিকতক খেলোয়াড়ের একজন, যিনি টুর্নামেন্টটির প্রতিটি আসরেই অংশ নিয়েছেন। শুরুর দিকে তিনি অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে টানা ছয় মৌসুম খেলেন। এরপর ২০১৭–১৮ মৌসুমে যোগ দেন মেলবোর্ন রেনেগেডসে এবং সেখানে আট মৌসুম প্রতিনিধিত্ব করেন। ২০২৫–২৬ মৌসুমের আগে তিনি এক বছরের চুক্তিতে সিডনি সিক্সার্সে নাম লেখান। মোট ১৪২ উইকেট নিয়ে বিগ ব্যাশ লিগে তিনি ক্যারিয়ার শেষ করেছেন প্রতিযোগিতার পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে।
রিচার্ডসন ছিলেন এক প্রকৃত ‘ক্রিকেটের ফেরিওয়ালা’। তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন, যার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) রয়েছে।
অবসরের ঘোষণা দিয়ে দেওয়া এক বিবৃতিতে রিচার্ডসন বলেন, ‘২০০৯ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত আমি মনে করি, নিজের ভেতরের সবটুকু নিংড়ে দিয়েছি। জীবনের এই দারুণ অধ্যায়টি শেষ করার এটাই সঠিক সময়।’
তিনি আরও বলেন, ‘নিজের দেশ, অস্ট্রেলিয়া এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার সৌভাগ্য আমার হয়েছে। আমি কখনোই এই সুযোগগুলোকে হালকাভাবে নেইনি। আমি আশা করি, যারা আমাকে খেলতে দেখেছে, তারা বুঝতে পেরেছে ডারউইনে ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম।











