কুমিল্লার ১১ আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
নিউজ ডেস্ক: কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) কুমিল্লা প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ পরবর্তী বাংলাদেশে জনগণ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে একটি নতুন রাজনৈতিক কাঠামো চায়। সেই লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে ‘১ বক্স নীতি’ গ্রহণ করা হয়েছিল। তবে বাস্তবতায় সেই উদ্যোগ আজ ভেস্তে যাওয়ার পথে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘১ বক্স নীতি’-তে সবশেষে যুক্ত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং অন্যান্য ইসলামপন্থী দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে দেখার মানসিকতাই ঐক্যকে বাধাগ্রস্ত করেছে বলে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে উপেক্ষা, সীমিতসংখ্যক ও বিতর্কিত আসন প্রস্তাব, গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার, কয়েকটি দলের সঙ্গে গোপন সমঝোতা, বিএনপির সঙ্গে ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণা এবং ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর এসব ঘটনায় দলটি বিব্রতকর অবস্থায় পড়ে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে বলে, তারা ঐক্যের পক্ষে, নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে এবং ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে। দলটি আরও জানায়, তারা কোনো করুণা বা দয়ার রাজনীতি করে না; ইসলাম, দেশ ও মানবতার কল্যাণেই তাদের রাজনীতি অব্যাহত থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-০১ আসনের প্রার্থী মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও কুমিল্লা-১০ আসনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন, দলের সহকারী মহাসচিব ও কুমিলা-০২ আসনের প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বশির আহমাদ, কুমিল্লা-০৪ আলহাজ্ব আব্দুল করীম, কুমিল্লা-০৫ মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা-০৬ এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, কুমিল্লা-০৭ মুফতি এহতেশামুল হক কাসেমী, কুমিল্লা-০৮ মুফতি গোলাম সাদেক, কুমিল্লা-০৯ আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা-১১ মাওলানা মহিউদ্দিন শহিদ পাটোয়ারী।
আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, প্রচার ও দাওয়াহ সম্পাদক ডাঃ এস এম আতিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সভাপতি মোহাম্মদ আকরাম হোসাইন, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, ছাত্রনেতা মেহেদী হাসান প্রমুখ।










