61376

এবার মার্শাল আর্টে নামছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগেই বলছিলেন, শিগগির অবসর নেবেন। সিএনএন উপস্থাপককে রোনালদোর ব্যাখ্যা ছিল, ‘শিগগিরই বলতে আমি এক–দুই বছরের কথা বলেছি।’

অবসর নেওয়ার পর রোনালদো কী করবেন এ নিয়ে অনেকের কৌতূহল। এর মধ্যে খবর বেরিয়েছে সম্ভবত মিক্সড মার্শাল আর্টে (এমএমএ) নামতে পারেন রোনালদো।

ads

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ গত ২৭ নভেম্বর রোনালদোর হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে করা পোস্টে এমএমএ লড়াইয়ে জগতে নামার ঘোষণা দেন রোনালদো, ‘রোমাঞ্চ নিয়ে বড় একটা খবর জানাচ্ছি—@ওয়াওএফসিএমএমএর অংশীদার হতে যাচ্ছি। শৃঙ্খলা, সম্মান, দৃঢ়তার মতো মূল্যবোধের বিষয়ে আমাদের ভাবনা এক। ওয়াওএফসি অনন্য এবং শক্তিশালী কিছু তৈরি করছে আর তাতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমরা যেন খেলাটাকে নতুন উচ্চতায় নিতে পারি, তরুণদের অনুপ্রাণিত করতে পারি।’

রোনালদোর এই পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ওয়াওএফসির অংশীদার হয়ে বিশ্বব্যাপী নতুন যুগের সূচনা করলেন।’

ads

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ওয়াও এফসি গর্বের সঙ্গে জানাচ্ছে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিষ্ঠানের অংশীদার হবেন। তার যোগ দেওয়া ওয়াও এফসির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতের মিক্সড মার্শাল আর্ট দুনিয়ার জন্য বদলে যাওয়ার মুহূর্ত।’

ওয়াও এফসির পুরো নাম ‘ওয়ে অব ওয়ারিয়র।’ এই স্প্যানিশ ফার্মটি মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ইভেন্ট আয়োজন করে। ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বোর্ডে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) লাইটওয়েট তারকা ইলিয়া তপুরিয়ার সঙ্গে যোগ দেবেন রোনালদো।

রোনালদোর সেই পোস্টে সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াও এফসির পক্ষ থেকে বলা হয়, ‘ওয়াও এফসি সব ধরনের দর্শকশ্রেণিতে ব্যাপক প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে। বছরের পর বছর ধরে ইভেন্টে অংশ নেওয়ার হার ৪০০ শতাংশ বেড়েছে। প্রতিটি শোতে টিকিট বিক্রি ধারাবাহিকভাবে ৫ হাজারের বেশি অতিক্রম করেছে। ওয়াও এর ইভেন্টগুলো আন্তর্জাতিকভাবে ১৭০–এর বেশি দেশে পৌঁছেছে, যা কমব্যাট স্পোর্টসে এই প্রতিষ্ঠানকে বিশ্বের উদীয়মান শক্তিতে পরিণত করেছে।’

রোনালদোর ওয়াও এফসিতে যোগ দেওয়ার এই খবর ২৭ নভেম্বরই প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডল থেকে করা পোস্টে নিশ্চিত করা হয়। এরপর গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে লেখা, ‘লড়াইয়ের (ফাইটিং) নতুন যুগ শুরু হচ্ছে।’ ভিডিওতে রোনালদো ও তপুরিয়া নিজেদের ইচ্ছের কথাগুলো বলেন।

ad

পাঠকের মতামত