60239

মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ প্রদান করেছে মিসর সরকার। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (১৩ অক্টোবর) মিসরের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। সিনাইয়ের শহর শারম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ট্রাম্পের হাতে সম্মাননা তুলে দেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

ads

মিসর সরকারের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ ট্রাম্প এ সম্মান পেয়েছেন। শান্তি সম্মেলনে ট্রাম্প ও আল-সিসি যৌথভাবে সভাপতিত্ব করেন। সম্মেলনে ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি গাজা যুদ্ধবিরতির পর ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়াই ছিল সম্মেলনের মূল লক্ষ্য।

‘অর্ডার অব দ্য নাইল’ খাঁটি সোনার তৈরি একটি বিশেষ অলঙ্কারসদৃশ কলার, যাতে ফারাও যুগের নকশা খোদাই করা থাকে। এটি সমৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব এবং অশুভ শক্তি থেকে সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। এক শতাব্দীরও বেশি সময় আগে চালু হওয়া এই পুরস্কার মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

ads

এ সম্মান খুব অল্পসংখ্যক বিদেশি রাষ্ট্রপ্রধান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, জর্ডানের রাজা হুসেইন, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, স্পেনের রাজা ফেলিপ-ষষ্ঠ।

ট্রাম্প হচ্ছেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট, যিনি এই সম্মান পেলেন। এর আগে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তির জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এ পুরস্কার পান।

এ ছাড়া মিসরের নোবেলজয়ী বিজ্ঞানী আহমেদ জুয়েইল, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেই, নোবেলজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজ এবং সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতও এ সম্মান লাভ করেছেন।

ad

পাঠকের মতামত