57368

তিস্তায় যুক্ত হচ্ছে চীন

নিউজ ডেস্ক: ‘তিস্তায় যুক্ত হচ্ছে চীন’-এটি দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বাংলাদেশে তিস্তা নদীসহ পানিসম্পদ খাতের সমন্বিত ব্যবস্থাপনায় যুক্ত হবে চীন। বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা অভিন্ন নদী যমুনার উজানে পানিপ্রবাহের বিষয়ে তথ্য দেবে দেশটি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শীর্ষ বৈঠকে গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য দেশটির কাছ থেকে ৫০ বছরের একটি মাস্টারপ্ল্যান চেয়েছেন।

এশিয়ার বোয়াও ফোরামে যোগদান ও দ্বিপক্ষীয় সফরের জন্য ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার চীনে যান। ফোরামে অংশ নেওয়ার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, উপরাষ্ট্রপতি হান ঝেং, উপপ্রধানমন্ত্রী ডিং শ্যুয়েশিয়াং, পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

ads

ড. মুহাম্মদ ইউনূস একটি অনুষ্ঠানে চীনের বেসরকারি খাতকে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বিনিয়োগ, টেকসই অবকাঠামো ও জ্বালানি, সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তা এবং বাংলাদেশের উৎপাদন খাত ও বাজারজাতকরণের সুযোগের বিষয়ে আরও তিনটি অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টার সফরের ওপর গতকাল প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনঃ সংস্কার প্রকল্পে চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সমুদ্র অর্থনীতি বিষয় সংলাপ আয়োজন ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে একযোগে কাজ করতে সম্মত হয়।

ads

চীনের ইয়ারলুং জাংবো নদী ভারতে ব্রহ্মপুত্র ও বাংলাদেশে যমুনা নামে বয়ে চলেছে। নদীর চীনের অংশের পানিপ্রবাহের তথ্যবিনিময়, বাংলাদেশে নদী খনন, পানিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও উন্নয়ন, বন্যাপ্রতিরোধ ও দুর্যোগ হ্রাসের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে দেশটি সম্মত হয়।

উভয় পক্ষ পরস্পরের মূল স্বার্থ ও উদ্বেগের বিষয়ের প্রতি সমর্থন দেওয়া, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস দৃঢ় করা, উন্নয়ন কৌশলের সমন্বয় করা ও সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব সংহত ও গভীর করতে একমত হয়। ইউনূস ও সি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় আনেন।

ad

পাঠকের মতামত