56287

বিশ্বকাপ নিশ্চিত ব্রাজিল-আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে ২৪ দল নিয়ে শুরু চিলিতে শুরু হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চিলি জায়গা পেয়েছে স্বাগতিক হিসেবে। এছাড়া কনমেবল অঞ্চল থেকে যাবে আরও চারটি দল। চলমান দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ থেকেই নির্ধারিত হবে কারা যাচ্ছে বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

কনমেবল অঞ্চলের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলই চূড়ান্ত পর্বে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে। অথচ টুর্নামেন্টের শুরুতে সবচেয়ে বড় লজ্জাটা পেয়েছিল ব্রাজিল। আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছে ৬-০ গোলে। প্রথম রাউন্ডের এই ধাক্কার পর সেলেসাওরা ঘুরে দাঁড়ায়। বলিভিয়া, ইকুয়েডরকে হারিয়ে নিশ্চিত করে চূড়ান্ত পর্বে খেলা। সেখানে প্রথমে ব্রাজিল ১-০ গোলে হারায় উরুগুয়েকে, কলম্বিয়াকেও একই ব্যবধানে হারায় ব্রাজিল। সবশেষ সোমবার ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন তিনজন। তারা হলেন- প্রাডো, রায়ান ও সান্তানা।

ads

এদিকে চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা প্রথমে ২-১ গোলে হারায় চিলিকে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে হারায় উরুগুয়েকে। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এচেভেরি। সবশেষ সোমবার আর্জেন্টিনা ১-০ গোলে হারায় কলম্বিয়াকে। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন সুবিয়াবরে। তার আগে প্রথম রাউন্ডে দুটি জয় ও দুটিতে ড্র করেছিল আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান ৯, গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। ১৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে বাকি দুই স্পটের জন্য লড়াইয়ে আছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে। ব্রাজিল, আর্জেন্টিনা টিকিট কাটায় বয়সভিত্তিক বিশ্বকাপটিতে এখন পর্যন্ত ২৪ দলের মধ্য নিশ্চিত হয়েছে ১৪ দল। সেই ১৪ দলের বাকিরা হলো কিউবা, মেক্সিকো, পানামা, যুক্তরাষ্ট্র, নিউ সেলেডোনিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইতালি, নরওয়ে, স্পেন ও ইউক্রেন।

ads

১৯৭৭ সাল থেকে শুরু হওয়া ফিফা অনূর্ধ্ব-২০ পুরুষ বিশ্বকাপে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। তারা জিতেছে ৬ বার। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার জিতেছে ব্রাজিল। সবশেষ ২০২৩ সালে উরুগুয়ে ১-০ গোলে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দুই বছর পর পর হয়। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। সেবার টুর্নামেন্টসেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারও হন মেসি।

 

ad

পাঠকের মতামত