55460

কুমিল্লা-৯ পুনর্বহাল না হলে লাশের ওপর দিয়ে নির্বাচন করতে হবে: মনিরুল হক চৌধুরী

নিউজ ডেস্ক: কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পুনর্বহালের দাবিতে বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণে লং মার্চ কর্মসূচি পালন করেছে ঐক্য সংহতি পরিষদ।

রোববার (২২ ডিসেম্বর) সকালে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী। তিনি কুমিল্লা জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন এবং ১৯৮৬ সালের কুমিল্লা-৯ এলাকা পুনর্বহালের দাবি তোলেন।

ads

মনিরুল হক চৌধুরী বলেন, ‘যদি কুমিল্লা-৯ পুনর্বহাল না করা হয়, তবে এই অঞ্চলের মানুষের লাশের ওপর দিয়ে নির্বাচন করতে হবে।’ তিনি আরও অভিযোগ করেন, ২০০৮ সালে কুমিল্লা-৯ আসনকে অন্যায়ভাবে পৃথক করা হয় এবং ২০১৪ সালে হাইকোর্টের রায় স্থগিত করে ক্ষমতার অপব্যবহার করা হয়। তিনি নতুন নির্বাচন কমিশনের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেন।

ads

মনিরুল হক আরও বলেন, ‘২০১৪ সালে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল, কিন্তু সাবেক মন্ত্রী লোটাস কামাল ক্ষমতার অপব্যবহার করে সেই রায় স্থগিত করিয়েছিলেন। এতে করে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করা হয়েছে। আমরা নতুন নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।’

লং মার্চ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ড. শাহ মো. সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আকতার হোসেন, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা আহ্বায়ক মাসুদ করিম, সেক্রেটারি ইউসুফ আলী মীর পিন্টু, এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী। এছাড়াও অংশগ্রহণ করেন কুমিল্লার দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।

ad

পাঠকের মতামত