বরুড়া উপজেলা নির্বাচন: প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
নিউজ ডেস্ক: আগামী (২১ মে) অনুষ্ঠিত হবে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৩ মে) দুপুরে বরুড়া উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান প্রমুখ।
প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম এন মইনুল ইসলাম, মোঃ হামিদ লতিফ ভূইয়া কামাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ কামাল হোসেন, মোঃ ফরহাদ হোসেন, এডভোকেট আবদুর রহিম, মোঃ কবির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিনোয়ারা বেগম, কামরুন্নাহার শিখা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান তার বক্তব্যে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেন। এসময় নির্বাচনে যাতে কোন সহিংসতা, হানাহানি ও অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে ব্যাপারেও উপস্থিত সকলকে সতর্ক করা হয়।
তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করা দরকার আমরা তা করবো। ভোট হবে সুষ্ঠু এবং সুন্দর।











