নামিবিয়ার প্রেসিডেন্ট গেইঙ্গবের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইঙ্গব রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সময় রোববার সকালে তার মৃত্যু হয়েছে বলে ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলা এমবুম্বা এক ঘোষণায় জানিয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট এমবুম্বা ঘোষণায় জানান, রাজধানী উইন্ডহোকের লেডি পোহাম্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর সময় স্ত্রী মাদামে মনিকা গেইঙ্গব এবং তার সন্তানরা পাশেই ছিলেন বলেও জানান তিনি। খবর সিএনএন’র।
৮২ বছর বয়সী গেইঙ্গব ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এ বছরের জানুয়ারি মাসেই গেইঙ্গবের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে দুইদিনের চিকিৎসা শেষে গত বুধবার (৩১ জানুয়ারি) দেশে ফিরেছিলেন তিনি।
গত বছর তার একটি অস্ত্রোপচার হয়েছিল এবং ২০১৪ সালে জানিয়েছিলেন যে, তিনি প্রোস্টেট ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছেন।
গেইঙ্গবের মৃত্যুর পর দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলা এমবুম্বা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে তিনি বলেন, ‘আমি গতকালই জাতিকে জানিয়েছি, চিকিৎসক দল আমাদের রাষ্ট্রপতির সুস্থতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে। দুঃখজনকভাবে, জীবন বাঁচানোর জন্য চেষ্টা করা সত্ত্বেও নামিবিয়ার বন্ধু, রাষ্ট্রপতি চলে গেলেন।’
চলতি বছরের নভেম্বরে নামিবিয়ার প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গেইঙ্গবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার শাসন থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের পর, প্রাক্তন রাষ্ট্রপতি স্যাম নুজোমার অধীনে ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি নামিবিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
তিনি ২০১৫ সাল থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমবার ৮৭ শতাংশ ভোট জিতে তিনি নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে ২০১৯ সালের নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে তার দ্বিতীয় মেয়াদ চলছিল।











