চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে পথচারীসহ নিহত ৩, আহত ৮
নিউজ ডেস্ক: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাস উল্টে পথচারী সহ ৩ জন নিহত হয়েছে ও কমপক্ষে ৮জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চান্দিনার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদেপল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) এবং দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।
আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত (২৩), নওগাঁ জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকা মগবাজার এলাকার সাবিনা (৩৫), তার মেয়ে তানহা (১০), মোটরসাইকেল আরোহী আবু কামালসহ বাসের আরো তিন যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাসের যাত্রীরা। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমূল হুদা বলেন, আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে আলমগীরের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদেপল্লীর পাশে হওয়ায় নিহত ওই ব্যক্তির মরদেহ তারা বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে খোঁজ নিয়ে নিহত মোটরসাইকেল আরোহীর মরদহ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










