45744

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

নিউজ ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি প্রশিক্ষিত বাহিনী। পর্যাপ্ত জনবল আছে, লজিস্টিক আছে। কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে পুলিশ সর্বাত্মক চেষ্টা করে তাদের প্রতিহত করবে। পুলিশ বাহিনীর সক্ষমতা আছে।

আইন-শৃঙ্খলার অবনতি যদি কেউ ঘটাতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ads

আজ রবিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসে বরিশাল বিভাগের সব পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল, লজিস্টিকস ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে।

ads

পুলিশের প্রশিক্ষণ রয়েছে। নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব দেবে পুলিশ সে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন সামনে রেখে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি আরো বলেন, একসময় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। দেশের দক্ষিণাঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমরা সবাই মিলে একযোগে একসঙ্গে কাজ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছি। ফলে দেশে এখন স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে।

বিশেষ কল্যাণসভায় ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, বিএমপির পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল রেঞ্জাধীন জেলার পুলিশ সুপাররা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন। আইজিপি ধৈর্য ধরে তাদের কথা শোনেন। তিনি কতিপয় বিষয়ের তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য বিষয়াদি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

আইজিপি পুলিশ লাইনস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বরিশাল রেঞ্জে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ad

পাঠকের মতামত