স্পেনের জালে জাপানের একহালি গোল
স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচে কোস্টারিকা ও জাম্বিয়াকে হারিয়েই নারী বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছিল জাপান। এশিয়ার হয়ে বিশ্বকাপ জেতা একমাত্র দেশটি তৃতীয় ও গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দেশ স্পেনের।
সোমবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জাপানের কাছে কোনো পাত্তাই পায়নি স্পেন। গুনেগুনে স্পেনের জালে এক হালি গোল দিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাপানের মেয়েরা। ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে তাদের।
জাপানের কাছে বড় ব্যবধানে হেরেও অবশ্য সমস্যা হয়নি স্পেনের। গ্রুপ রানার্সআপ হয়ে তারাও খেলবে শেষ ষোলোতে। ১১ আগস্ট জাপান খেলবে নরওয়ের বিপক্ষে এবং স্পেন মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।
জাপানের জোড়া গোল করেছেন হিনাতা মিয়াজাওয়া। অন্য দুই গোল করেছেন রিকো ইউয়োকি ও মিনা তানাকা। গ্রুপের অন্য ম্যাচে জাম্বিয়া ৩-১ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। দুই দলই বিদায় নিয়েছে গ্রুপ থেকে।










