20677

মুজিবনগর দিবসে যত কর্মসূচি

নিউজ ডেস্ক: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২১ উদযাপনের জন্য কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন মেহেরপুর জেলার মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতি-কেন্দ্রে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে।

শুক্রবার (১৬ এপ্রিল) যুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমের এ তথ্য জানানো হয়েছে।

ads

প্রেস রিলিজে জানানো হয়, ১৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে সকাল ১০টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এ দিন সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বেতার ও ইলেকট্রনিক মিডিয়াসমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

ads

এদিন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

ad

পাঠকের মতামত