অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
নিউজ ডেস্ক: পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে সভাপতি ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে মহাসচিব করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ২০২১ ও ২০২২ সালের জন্য ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। আনোয়ার বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচ ও খলিলুর রহমান বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা।
সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অনলাইনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, দ্বিবার্ষিক নির্বাচন এবং বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সভা ২০২০ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। অ্যাসোসিয়েশনের মহাসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন সভায় বার্ষিক প্রতিবেদন ২০২০ উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান অ্যাসোসিয়েশনের ২০২০ সালের অডিট প্রতিবেদন ও ২০২১ সালের বাজেট সভায় উপস্থাপন করেন। সভায় প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অ্যাসোসিয়েশনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেন।










