কুমিল্লা সদর দক্ষিণে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় প্রতিনিধি প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ২দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশফিয়া রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজালাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা আক্তার সোমা, বারপাড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহাম্মেদ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে আরসিএইচসিআইবির (কমিউনিটি ক্লিনিক প্রকল্প ও সিবিএইচসি) আয়োজনে জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই বাবলু বলেন, স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক বিশ্বব্যাপী মডেল হতে যাচ্ছে। ক্লিনিকগুলো সচল থাকলে এলাকার সাধারণ জনগণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এতে গ্রামের ৩০ ধরনের স্বাস্থ্যসেবা পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। তিনি আরো বলেন, ১৯৯৮ সালে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিক গঠন করার উদ্যোগ নেয়।
উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ২দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন।








