কুমিল্লায় অবৈধ মুরগীর বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অভিযান
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মে কৃত্রিম উপায়ে লাইসেন্স বিহীন মুরগীর বাচ্চা উৎপাদন করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-গত দুই বছর যাবত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় মাইনুল ইসলাম পলাশ গোপনে কৃত্রিম উপায়ে মেশিনের সাহায্যে মুরগীর বাচ্চা উৎপাদন করে আসছে, এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার বিকেলে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন অবৈধ মুরগীর বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মের কোন প্রকার সরকারী অনুমোদন না থাকায় পরিচালক মাইনুল ইসলাম পলাশকে ১০,০০০ (দশহাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন-জাতীয় সাংবাদিক সংস্থার বৃহত্তর কুমিল্লা জেলার সভাপতি অমল মজুমদার ও সদর দক্ষিণ মডেল থানার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
কৃত্রিম উপায়ে মুরগীর বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌয়ারা বাজার এলাকায় বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মে অভিযান পরিচালনা করে থাকি এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কোন প্রকার কাগজপত্রাদির সত্যতা পাওয়া যায়নি। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।









