10706

বদলি হওয়ায় ফেসবুকে হোমনার ইউএনও তাপ্তি চাকমার আবেগঘন স্ট্যাটাস

চেতনায় একাত্তর ডেস্ক: কুমিল্লা জেলার হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা সম্প্রতি বদলি হয়েছেন। বিদায় বেলায় ফেসবুক পেইজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয়দের ভালোবাসার বিষয়টি তুলে ধরে ফেসবুক স্ট্যাটাসে ইউএনও লিখেছেন:

ads

অবশেষে ভারমুক্ত হলাম!!

প্রিয় হোমনাবাসী,
এটাই এই পেইজ থেকে আমার সর্বশেষ পোস্ট৷ অনেকদিন ধরে হোমনা ছাড়তে চেয়েছি, কিন্তু আজ যখন চূড়ান্তভাবে হোমনা ছাড়ার সময় এসেছে তখন নিজেকে খুব নিঃস্ব লাগছে। মনে হচ্ছে খুব প্রিয়জনদের হারাতে যাচ্ছি। কেমন জানি শূন্যতা অনুভব করছি।কারণ আপনাদের ভালবাসায় আমি আপ্লূত।মনের কোণে অনেক জমানো অনুভূতি নাড়া দিচ্ছে বার বার।

ads

প্রিয় মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে কৃতজ্ঞতা অশেষ। আপনার নির্দেশনা মেনে চেষ্টা করেছি হোমনাকে এগিয়ে নিতে, জানিনা কতটুকু পেরেছি। তবে চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করতে।

প্রিয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রিয় মেয়র সাহেব, আপনার সহযোগিতামূলক মনোভাব এবং আন্তরিক ব্যবহার মনে থাকবে আজীবন। বিশেষ করে করোনা দূর্যোগে আপনার সহায়তা আমার কাজকে আরও গতিশীল করেছে।

প্রিয় মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আপনাদের জন্য অনেক কিছুই করার প্ল্যান ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য সেই স্বপ্ন অধরা রেখেই চলে যেতে হচ্ছে। মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, বংগবন্ধু ম্যূরালসহ আপনাদের আবাসস্থল নির্মাণ এর কাজগুলো সবেমাত্র শুরু করেছিলাম। আপনাদের কাছে দোয়া কামনা করছি।

প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। হোমনাকে এগিয়ে নিতে সকলে মিলে বিভেদ ভুলে নতুন করে কাজ করবেন সেই আশা রাখছি।

প্রিয় ইউনিয়ন চেয়ারম্যান ও সচিব এবং উদ্যোক্তাবৃন্দ, আপনাদের কৃতজ্ঞতা দিয়ে ছোট করতে চাইনা। কারণ এই করোনা পরিস্থিতিতে আপনারা যেভাবে আমার নির্দেশনা মেনে কঠোর পরিশ্রম করে সরকারের কাজকে গতিশীল করেছেন, তা সত্যিই প্রসংশনীয়।আপনাদের সময়ে,অসময়ে অনেক চাপ দিয়েছি কিন্তু সেটা কাজের প্রয়োজনেই তাই আমার প্রতি কোন রাগ/কষ্ট পোষণ করবেন না,সেই আশাবাদ ব্যক্ত করছি।

প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই।আপনাদের লেখনী সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।আপনারা উৎসাহ যুগিয়েছেন বলেই বার বার কাজ করার আগ্রহ পেয়েছি।তবে অনুরোধ থাকবে, সত্য প্রকাশে কখনোই আপোষ করবেন না এবং ইতিবাচক মনোভাব পোষণ করবেন।

প্রিয় অফিসারবৃন্দ, মনে রাখবেন আমিও ছিলাম একদিন আপনাদের দলে।আপনারা ছিলেন আমার আত্মার একটা অংশ।আমার প্রতি আপনাদের যে ভালবাসা তা যেন ফিরে ফিরে আসে সেই কামনা করছি।

প্রিয় ছাত্র ছাত্রী – তরুণ প্রজন্ম, তোমাদের জন্য আমার দোয়া ও আশীর্বাদ রইল।তোমরাই হোমনার ভবিষ্যৎ। হোমনাকে আধুনিক হোমনায় রুপান্তর এ তোমাদের ভূমিকা অসীম। তাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে হোমনার জন্য কাজ করবে।

আমার অফিসের সকল স্টাফ যারা শুধু আমার সহকর্মী নয়, আমার পরিবারের মতো। যাদের সাথে দিনের বেশিরভাগ সময় কাটে, সেই সব পরিবারের সদস্যদের জন্য অন্তহীন ভালবাসা।যাদের সময়, অসময় নানা কাজে বিরক্ত করেছি, প্রেসার দিয়েছি।তাদের সকলের জন্য শুভকামনা।

প্রিয় হোমনাবাসী, আমার এই এক বছরের কর্মকালে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সেবা দেওয়ার।কাউকে খুশি করার বা লোকদেখানোর জন্য নয়, বরং যা করেছি নিজের মন থেকেই। আপনারা তাই আমার খুব কাছের হয়ে উঠেছিলেন। কাছের জনকে ছেড়ে চলে যেতে তাই মনটা ভারাক্রান্ত হচ্ছে বার বার। যাবার বেলায় এইটুকুই বলতে চাই, ভালো থাকুক হোমনা, ভালো থাকুক হোমনাবাসী।

তাপ্তি চাকমা
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা
হোমনা।

ad

পাঠকের মতামত