৬ লাখ টাকার স্ট্রাইকার ৪০০ টাকার জোগালি, পাশে দাঁড়ালেন লিপি ওসমান
নিউজ ডেস্ক: ফুটবল মাঠে লড়াকু সৈনিক। রক্ষণভাগের বাঘা বাঘা ডিফেন্ডারের বাধা পেরিয়ে বিপক্ষ দলের জালে বল জড়ানোই তার কাজ। বাংলাদেশ পেশাদার লিগে মাঠ কাঁপানো স্ট্রাইকার আরিফ হাওলাদার ফুটবল মাঠে সফল হলেও এই করোনাকালে জীবনযুদ্ধে বড় অসহায়।
দেশের স্বনামধন্য ক্লাবে বছরে ৬ লাখ টাকার পারিশ্রমিকে খেলা স্ট্রাইকার আরিফ এখন ৪০০ টাকার জোগালি।
আজ শনিবার স্ট্রাইকার আরিফ হাওলাদারের জীবনের করুন পরিণতির সংবাদ প্রকাশে পাওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। শনিবার দুপুরে এই প্রতিবেদন পড়ে আরিফের প্রতি আর্থিক সহায়তার হাত বাঁড়িয়ে দিয়েছেন এমপি শামীম ওসমান পত্নী লিপি ওসমান।
আরিফের জোগালি কাজ ছেড়ে দিতে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান পত্নী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। এছাড়া আরিফের খবর নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।
শামীম ওসমান পত্নী লিপি ওসমান জানান, বিষয়টি আমাদের জন্য শিক্ষণীয় যে আরিফ কারো কাছে হাত না পেতে বাবা বা পরিবার চালাতে জোগালির কাজ বেছে নিয়েছে। এমন সন্তান জাতির জন্য গর্বের। আজকে যেখানে বিভিন্ন স্থানে খবর পাওয়া যায় বৃদ্ধ বাবাকে কিছু সন্তানরা রাস্তায় ফেলে যাচ্ছে, সেখানে আরিফ বাবা মায়ের জন্য জোগালি করতে দ্বিধাবোধ করেনি। তাকে সম্মান জানাই।
তিনি আরও জানান, ওর জন্য ৫০ হাজার টাকা দিয়েছি এটা প্রচারের জন্য নয়।
ইতোমধ্যে ওর জন্য এমপি শামীম ওসমান একটি ফুটবল ক্লাব যোগাড় অথবা একটি চাকরির চেষ্টা করে যাচ্ছেন। তিনি সবাইকে আহ্বান জানান এ রকম একটি ব্যক্তিত্ববান ছেলের পাশে দাঁড়াতে।










