সাবেক সংসদ সদস্য রাবেয়া চৌধুরীর স্বামী নাসির উদ্দিন আহমেদ চৌধুরী আর নেই
নিজস্ব প্রতিবেদক: কুমিল্ল সদর দঃ উপজেলার ঐতিহ্যবাহী সুয়াগাজী সাহেব বাড়ীর সন্তান জমিদার ওমর আহমদ চৌধুরীর পুত্র ও বিখ্যাত জমিদার তোফাজ্জল আহমদ চৌধুরীর দৌহিত্র সাবেক অনারারী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বার্ধক্যজনিত রোগে বুধবার (২০ মে) রাত সাড়ে ১১টায় গোমতি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন৷ মরহুম নাসির উদ্দিন আহমদ চৌধুরীর জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর সুয়াগাজী সাব বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাবেক সংসদ সদস্য রাবেয়া চৌধুরী তার স্ত্রী। যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী ও বেংগল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী একই সাথে তার শ্বশুর এবং চাচা।কবি রাজিয়া খাতুন চৌধুরাণী নাসির চৌধুরীর শাশুড়ী।উল্লেখ্য হযরত আবুবকর (রাঃ) এর বংশধর শাহ পরিবার মক্কা থেকে প্রথমে গৌড় সেখান থেকে ফটিকছড়ি নাুনুপুর গ্রামে আসেন।খৃষ্টীয় ১৬০০ সালে নাসির চৌধুরীর পূর্বপুরুষ দৌলত চৌধুরী ফটিকছড়ি নানুপুর থেকে কুমিল্লা চন্দ্রপুর গ্রামে আসেন।প্রাপ্ত তথ্যমতে দৌলত চৌধুরীর বংশের খোয়াজ চৌধুরীর পুত্র ফয়েজ চৌধুরী এ বংশের প্রথম জমিদার।ফয়েজ চৌধুরীর পুত্র তোফাজ্জল আহমদ চৌধুরী ওরফে আনুমিয়া চৌধুরী ডাকসাইটে জমিদার ছিলেন।










