শেরপুরে সাংবাদিকদের জন্য জেলা প্রশাসনের পিপিই
নিউজ ডেস্ক: শেরপুর জেলা প্রশাসন থেকে স্থানীয় সাংবাদিকদের ৩৫টি পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব সোমবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব পিপিই দেন।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকতে বলা হচ্ছে। কিন্তু জনজীবন সচল রাখার জন্য কতকগুলো খাতে সবাইকে কাজ করতে হচ্ছে। ভাইরাস থেকে রক্ষা পেতে তারা ব্যবহার করছেন এসব পিপিই।
জেলা প্রশাসক বলেন, প্রয়োজনে ঘর থেকে বের হতে হলেও সচেতন থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাংবাদিকরা যেহেতু কাজের জন্য বাইরে যাচ্ছেন, তাই তাদের জন্য সরকারি এসব পিপিইর ব্যবস্থা করা হয়েছে।
পিপিই হস্তান্তরের আগে জেলা প্রশাসক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে ও শেরপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










