সদর প্রতিনিধি: শনিবার (১৬ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের পরিচালনায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে রমজানের ২২তম দিনে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, সংরক্ষণ ও মিথ্যা ঘোষণা দিয়ে প্যাকেজিং এর মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মেসার্স কাশফুল ফুড প্রোডাক্ট ১ ও ২ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও ফার্মেসীতে অননুমোদিত ঔষধ সংরক্ষণ করায় মেসার্স ইসলাম মেডিকেল হলকে ২,০০০ টাকাসহ আজ মোট ৫২,০০০ টাকা জরিমানা করা হয় । অভিযানে এ বাজারে মাইকের মাধ্যমে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়। প্রতিটি নিত্য-প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ ও সরবরাহ আছে ফলে আতঙ্কিত হয়ে ভোক্তা সাধারণকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ও ব্যবসায়ীদেরকে কারসাজি করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে অনুরোধ করা হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।






