কুমিল্লায় স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক,স্বাস্থ্যকর্মী,পরিবার ও পরিকল্পনা কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস দূর্যোগে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতে উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইফমেন্ট) সহ বিভিন্ন জীবানুনাশক সামগ্রী বিতরণ করা হয়। এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে গাউন, মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস, হেড কভার,জীবানুনাশক স্যাভলন,ব্লিচিং পাউডার ও হ্যান্ড স্যানিটাইজার।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাছিমা আক্তার, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগ,পরিবার ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে এড. টুটুল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সর্ব প্রথম সুরক্ষা দরকার সেবা প্রদানকারী ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও যারা করোনা রোগীর সংস্পর্শে যায়। এ জন্য মাস্ক ও পিপিই অত্যন্ত জরুরি । আপনাদের সুরক্ষায় আমরা সকল প্রদক্ষেপ গ্রহণ করব,এই দুর্যোগে আপনারা মানুষের পাশে থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন বলেন, এই কঠিন সময়ে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা সবছেয়ে গুরুত্বপূর্ণ। এই অদৃশ্য সংক্রমণ রোগ থেকে বাঁচার একমাত্র উপয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত নির্দেশনা মেনে চলা। এ মহামারীতে নিজেকে রক্ষা করার মাধ্যমেই পরিবার, সমাজ ও দেশ রক্ষা করা সম্ভব।
ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থকর্মীদের মাঠে থাকার নির্দেশনা প্রদান করে বিভিন্ন প্রনোদনা ঘোষনা করেছেন। এছাড়া প্রতিবছর বর্ষা মৌসুমে এডিস মশার ভয়াবহ বিস্তারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। করোনার মধ্যেই ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে।









