65651

কুমিল্লায় ১৬ আগস্ট থেকে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি ও অভিযান শুরু

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় আগামী ১৬ আগস্ট থেকে কুমিল্লা জেলাজুড়ে শুরু হচ্ছে মাদকবিরোধী সর্বাত্মক জনসচেতনতামূলক র‍্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান। জেলার ১৯৩টি ইউনিয়ন পরিষদ, ১৭টি পৌরসভা এবং ১টি সিটি করপোরেশনসহ মোট ২১১টি প্রশাসনিক এলাকায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই দিনে জেলার সব এলাকায় মাদকবিরোধী র‍্যালি, সচেতনতামূলক সমাবেশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, যেমন বিএনপি, জামায়াত, এনসিপি, তাদের নেতাকর্মীদেরও জনসচেতনতামূলক এ কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ads

মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও জনসাধারণের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে জেলার প্রতিটি থানায় একটি করে *অভিযোগ বক্স* স্থাপন করা হয়েছে। যে কোনো ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে মাদক ব্যবসায়ী, মাদক সেবন বা মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা লিখে অভিযোগ বক্সে জমা দিতে পারবেন। জেলা পুলিশ জানায়, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। কারণ, মাদক কারবারিরা অনেক সময় সংঘবদ্ধ ও অস্ত্রধারী হওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাজনিত কারণে প্রকাশ্যে তথ্য দিতে ভয় পান। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করেই তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলা পুলিশের এ মাদকবিরোধী অভিযান একদিনের কর্মসূচি নয়; এটি ধারাবাহিকভাবে চলবে। মাদক নির্মূলে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলাই এ অভিযানের প্রধান উদ্দেশ্য।

ads
ad

পাঠকের মতামত