কুমিল্লায় এক মাসেই ১৭ খুন, ৬১২ মামলা
নিউজ ডেস্ক: কুমিল্লায় সাম্প্রতিক সময়ে খুন, মাদক, চুরি ও দস্যুতাসহ নানা ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছরের মে মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। জেলা প্রশাসনের আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বলা হয়েছে, শুধু মে মাসেই জেলায় ১৭টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া মাদক মামলা ২৬৬টি, চুরির মামলা ৪৩ ও দস্যুতার ঘটনায় মামলা ৮টিসহ জেলার বিভিন্ন থানায় মোট ৬১২টি মামলা রেকর্ড হয়েছে।
রবিবার (৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান। সভায় জেলার প্রশাসনিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় সর্বমোট ৬২২টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হত্যা, মাদক, দস্যুতা, চুরি, অপহরণ আইনে করা মামলা।তুলনামূলকভাবে কমেছে ধর্ষণ, আহত, এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, যানযট নিরসন, সীমান্তে নজরদারি বৃদ্ধি, ফুটপাত দখল মুক্ত করা, অবৈধ মাদক বিক্রি, সেবন ও বিক্রি বন্ধ করা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।









