চট্টগ্রামের টেকসই উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন মেয়র শাহাদাত
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের টেকসই উন্নয়ন নিশ্চিতে জাপানের আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা খাতের আধুনিকায়নে জাপানের সহায়তা কামনা করেন তিনি।
মঙ্গলবার (১২ মে) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। সভায় জাপান দূতাবাসের প্রথম সচিব মোচিদা ইউতারো ও ফুজিমোতো সাওরিও উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
মেয়র বলেন, চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা। আধুনিক ও পরিবেশসম্মত ব্যবস্থাপনার অভাবে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এ সমস্যা সমাধানে চসিক বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং জাপানের উন্নত প্রযুক্তি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মেট্রোরেল নির্মাণ, ফুটওভার ব্রিজ স্থাপন এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমকে আরও গতিশীল করতে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিগত সহায়তা দিতে পারে জাপান।
জবাবে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, চট্টগ্রাম অত্যন্ত সম্ভাবনাময় একটি নগরী। জাপানের সহায়তায় চলমান প্রকল্পগুলো নগরের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
সভায় চট্টগ্রামের বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি এবং শিক্ষা অবকাঠামোর উন্নয়নে সম্ভাব্য জাপানি সহায়তার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।











