কাতারে ‘বৈরিতা নয় বন্ধুত্ব’-এর মোড়ক উন্মোচন
প্রবাস ডেস্ক: কাতারের সাংস্কৃতিক নগরী কাতারায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাতার ন্যাশনাল লাইব্রেরির প্রেসিডেন্ট ও সাবেক উপপ্রধানমন্ত্রী ড. হামাদ বিন আব্দুল আজিজ আলকাওয়ারির লেখা বই ‘বৈরিতা নয় বন্ধুত্ব’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বইটির বাংলা সংস্করণের এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
ড. হামাদ আলকাওয়ারির এই গুরুত্বপূর্ণ বইটি আরবি থেকে বাংলায় অনুবাদ করেছেন তামীম রায়হান। লেখক ড. হামাদ আলকাওয়ারি অতীতে কাতারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং জাতিসংঘ, ইউনেস্কো, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থায় কাতারের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলি খান, কাতারার মহাপরিচালক ড. খালেদ বিন ইবরাহিম আলসুলাইতি, বাংলাদেশ ফোরাম কাতারের সাবেক প্রেসিডেন্ট এবং আলি বিন আলি কোম্পানির সিএফও ইফতেখার আহমদ, এএমপি গ্রুপের চেয়ারম্যান ও কমিউনিটি নেতা আব্দুল মতিন পাটোয়ারী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইফতেখার আহমদ। এরপর বইটির নানা দিক ও এর গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন রাষ্ট্রদূত হযরত আলী খান।
মূল বক্তৃতায় ড. হামাদ আলকাওয়ারি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০১৭ সালে ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচনকালে আমি ৮০টিরও বেশি দেশ সফর করেছি। এর মধ্যে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে।

তিনি আরও বলেছেন, বইটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হলেও বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি যতটা আনন্দিত হয়েছেন, অন্য কোনো ভাষার ক্ষেত্রে তেমনটি হয়নি।
অনুষ্ঠানে কাতারের উপপ্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান আব্দুল মতিন পাটোয়ারী। অনুষ্ঠানে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু লেখকের হাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে লেখা দুটি বই তুলে দেন।
অনুষ্ঠানে কাতার প্রবাসী শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, গবেষক ও রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









