বিদেশি শিক্ষার্থীরা কত বছর থাকতে পারবে, কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন নিয়ে আরও কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন। এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের আমেরিকায় বসবাস করার মোট সময় কমিয়ে আনার চিন্তা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ সংক্রান্ত আগের নিয়মে পরিবর্তন আনতে চায় তারা। সেটি কার্যকর হলে বিদেশিরা সর্বোচ্চ ৪ বছরের বেশি সময় আমেরিকায় থাকতে পারবেন না।
বার্তা সংস্থা এএফপি বলছে, আজ বৃহস্পতিবার এমনই এক প্রস্তাব প্রকাশ করে মার্কিন প্রশাসন। নতুন প্রস্তাবে বলা হয়েছে, বিদেশি সাংবাদিকেরা ২৪০ দিন আমেরিকায় থাকতে পারবেন। এরপর আরও ২৪০ দিন থাকার জন্য আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে চীনা সাংবাদিকেরা মাত্র ৯০ দিন আমেরিকায় অবস্থান করতে পারবেন।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এ ছাড়া বিদেশি শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক বিনিময় দর্শণার্থীদের ভিসার মেয়াদ কমানোরও প্রস্তাব করেছে সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় এই প্রস্তাব করা হয়েছে।
আমেরিকায় থাকাকালে এসব ভিসাধারীকে ভালোভাবে তদারকির স্বার্থে এটা করা প্রয়োজন বলে মত হোয়াইট হাউসের। প্রস্তাবটির ওপর মন্তব্য করতে ৩০ দিন সময় পাবে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা। এর আগে সম্প্রতি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে।
এর আগে, ট্রাম্পের প্রথম মেয়াদের শেষে ২০২০ সালে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। সেসময়, এটি প্রত্যাহারের আহ্বান জানায় আন্তর্জাতিক শিক্ষাবিদদের প্রতিনিধিত্বকারী অলাভজনক সংস্থা এনএএফএসএ। মার্কিন সরকারের তথ্য অনুসারে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এফ ভিসা ক্যাটাগরিতে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল।
ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, এতদিন বিদেশি শিক্ষার্থীদের একটি অংশ তাদের শিক্ষা কার্যক্রম ইচ্ছে করেই দেরি করত, যাতে করে আজীবনের শিক্ষার্থী থাকা যায়। এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।










