কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই
নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ আগুন লাগে।
এদিকে, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত।
অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি। ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ৬টি ইউনিট কাজ করছেন। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। সব গুলোই ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। কোন নিহত বা আহতের খবর পাইনি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।










