55179

সেনাবাহিনীকে আরও সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত করার আহ্বান চীনা প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সামরিক বাহিনীতে কঠোর নিয়মশৃঙ্খলা প্রয়োগ, দুর্নীতি প্রতিরোধ ও তথ্যযুদ্ধের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, সামরিক বাহিনীকে সম্পূর্ণ বিশ্বস্ত, কলঙ্কহীন ও নির্ভরযোগ্য থাকতে হবে। তা নিশ্চিত করতে যথাযথ নিয়মশৃঙ্খলা প্রয়োগ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার বিকল্প নেই।

ads

গত বছর থেকে চীনের সামরিক বাহিনী ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। অভিযানের ফলে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত নয়জন জেনারেল ও প্রতিরক্ষাশিল্পের কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে জাতীয় আইনসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তার মন্তব্যের কিছুদিন আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, শীর্ষস্থানীয় একজন সামরিক কর্মকর্তাকে গুরুতর শৃঙ্খলাভঙ্গের জন্য বরখাস্ত করা হয়েছে ও তার বিরুদ্ধে তদন্ত চলছে।

ads

সামরিক বাহিনীর নতুন তথ্যযুদ্ধ বিভাগ পরিদর্শনকালে এসব কথা বলেছেন শি। সরাসরি কেন্দ্রীয় সামরিক কমিশনের অধীনস্থ বিভাগটি চলতি বছর এপ্রিলে প্রতিষ্ঠিত হয়।

২০১৫ সালের পর চীনের সামরিক বাহিনীর সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই ইউনিট গঠিত হয়েছে। এটি সামরিক আধুনিকায়ন ও অপ্রচলিত যুদ্ধ কৌশলে চীনা কমিউনিস্ট পার্টির বাড়তি মনোযোগের প্রতিফলন।

শি জিনপিং বলেছেন, আধুনিক যুদ্ধে নেটওয়ার্ক ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব অভূতপূর্ব মাত্রায় স্পষ্ট। পিপলস লিবারেশন আর্মি ইনফরমেশন সাপোর্ট ফোর্স (পিএলএ আইএসএফ) প্রথমত এবং সর্বাগ্রে একটি যোদ্ধা বাহিনী।

পিএলএ’র স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের অংশ হিসেবে ইউনিটটি আগে প্রতিষ্ঠিত হয়েছিল। সাইবার, তথ্য ও মহাকাশ যুদ্ধ ইউনিটের সমন্বয়ে গঠিত নতুন এই ইউনিট চীনের সামরিক তথ্য ব্যবস্থাকে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত থাকবে।

ad

পাঠকের মতামত