মতলব জগন্নাথ মন্দিরে ৬৪ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ উৎসব ২২ ডিসেম্বর হতে শুরু
নিজস্ব প্রতিবেদক: আসছে ২২ ডিসেম্বর রবিবার হতে ৩১ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব বাজারস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে ৭১তম বার্ষিকী উৎসব উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় ৬৪ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ উৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে ২২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় শ্রী শ্রী হরিনাম যজ্ঞের অধিবাস ও মাঙ্গলিক অনুষ্ঠান। এ-র পরদিন ২৩ ডিসেম্বর সোমবার অরুণোদয় হতে ৩১ ডিসেম্বর মঙ্গলবার রজনী প্রভাত পর্যন্ত ৬৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ এবং নগর পরিক্রমা শান্তি আশীর্বাদ দান ও দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে ভোগারতি কীর্তন শেষে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
এতে মধুর হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন- নেত্রকোনা থেকে আগত শ্রী শ্রী বিমল কৃষ্ণ সম্প্রদায়, চট্টগ্রাম শ্রীচৈতন্য সম্প্রদায়, সিলেট নবসখী সম্প্রদায়, খুলনা প্রিয় গোপাল সম্প্রদায়, বরিশাল গোপাল কৃষ্ণ সম্প্রদায়, দিনাজপুর রাজ নন্দিনী সম্প্রদায়, নেত্রকোনা অমৃত বাণী সম্প্রদায়, নোয়াখালী বলদেব সম্প্রদায়, নড়াইল জীবনানন্দ সম্প্রদায়, ভোলা শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় ও স্হানীয় মতলবগঞ্জ গৌর নিতাই সম্প্রদায়।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল সনাতনীদের অংশগ্রহণ করে উৎসবানুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।










