54879

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারে ভারত-মালদ্বীপের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি করেছে ভারত ও মালদ্বীপ। শুক্রবার (২২ নভেম্বর) চুক্তিটি সই হয়েছে। মালদ্বীপের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিএসএম এ খবর জানিয়েছে।

ভারত ও মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে বৈঠক চলাকালে চুক্তিটি চূড়ান্ত হয়। দুই দেশের মধ্যে লেনদেনের জন্য নিজ নিজ মুদ্রার ব্যবহার সহজতর করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

ads

শুক্রবার ভারতের মুম্বাইয়ে চুক্তিতে স্বাক্ষর করেন মালদ্বীপের (এমএমএ) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ মুনাওয়ার এবং ভারতের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস।

সমঝোতা স্মারকের অধীনে দুই দেশের সম্মতি অনুযায়ী চলতি অ্যাকাউন্টের লেনদেন, অনুমোদিত মূলধন অ্যাকাউন্টের লেনদেন এবং অন্যান্য অর্থনৈতিক ও আর্থিক কার্যক্রম পরিচালিত হবে। লেনদেনে ব্যবহার মালদ্বীপের রুফিয়া ও ভারতীয় রুপি। এর মধ্যে ভারতীয় পণ্য ও পরিষেবার আমদানি ও রপ্তানির জন্য এই মুদ্রার ব্যবহার অন্তর্ভুক্ত।

ads

মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক (এমএমএ) বলেছে, চুক্তিটি সংশ্লিষ্ট স্থানীয় মুদ্রায় বিলিং এবং লেনদেনের নিষ্পত্তি সক্ষম করবে। এটি বৈদেশিক মুদ্রার বাজারে মালদ্বীপের রুফিয়া ও ভারতীয় রুপির ব্যবসার পথও প্রশস্ত করবে।

এমএমএ আরও বলেছে, এই ব্যবস্থা মার্কিন ডলারের উপর নির্ভরতা হ্রাস করবে। দুই দেশের লেনদেনের খরচ কমিয়ে বাণিজ্যের জন্য নিষ্পত্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। পাশাপাশি এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

চলতি বছরের অক্টোবর মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ভারত সফরে যান। ওই সফরকালে আন্তঃসীমান্ত লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার নিয়ে ভারত সরকারের সাথে আলোচনা করেন তিনি।

ad

পাঠকের মতামত