ব্রাহ্মণপাড়ার চান্দনা বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান, জরিমানা আদায়
নিউজ ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দনা বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) অভিযানে নানা অনিয়ম ধরা পড়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাক অর্থদণ্ড করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম, প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যরা বাজারের চাল, মাছ, মাংস, সবজি, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ করতে বলেন। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাতে প্রতারিত করা ও বর্ধিত মূল্যে নিত্যপণ্য বিক্রি করায় ভোক্তা অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৬ টি নিত্যপণ্যের দোকানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। তদারকি করা হয় অর্ধশত নিত্যপণ্যের দোকান।
সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।










