53405

কুমিল্লা ক্লাবে তিন সদস্যের আহবায়ক কমিটি

নিউজ ডেস্ক কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের লক্ষ্যে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা ও ক্লাব সদস্য এ এফ শাহরিয়ার ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্লাব সদস্য দেলোয়ার হোসেন মানিক। কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার স্বাক্ষরিত অতিরিক্ত সাধারণ সভার কার্যবিবরণী সূত্রে জানা গেছে এ তথ্য।

জানা গেছে, কুমিল্লা ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটি ৯০ দিনের মধ্যে কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে এবং নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে ক্লাবের সকল দায়িত্ব বুঝিয়ে দিবে; এবং নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তরের পূর্ব পর্যন্ত আহবায়ক কমিটি ক্লাবের দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করবে।

ads

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব বিবেচনায় বর্তমান গঠনতন্ত্রের ৩১(খ) এর আলোকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্বাচনের সুযোগ নাই মর্মে একমত পোষণ করেন। এই পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের ৩১(খ)(গ) এর আলোকে কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন করার নিমিত্ত একটি এডহক কমিটি গঠনপূর্বক কমিটিকে পর্যাপ্ত সময় দেয়ার বিষয়ে উপস্থিত সদস্যগণ প্রস্তাব করেন। বর্তমান ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত করে এডহক কমিটি গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্রের ৩১(ক) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সভাপতিকে সভায় অনুরোধ করা হয়। বিদ্যমান পরিস্থিতিতে এডহক কমিটিকে নির্বাচন সম্পন্ন করার জন্য গঠনতন্ত্রের ৩১(খ)(গ) অনুযায়ী ৩০(ত্রিশ) দিনের স্থলে ৯০ (নব্বই) দিন সময় প্রদান করার বিষয়ে উপস্থিত সকলে ইতিবাচক অভিমত ব্যক্ত করেন। সে আলোকে এ কমিটি করা হয়।
জানা গেছে, আহবায়ক কমিটি ছাড়াও ক্লাব মেরামত ও সংস্কার, এবং গঠনতন্ত্র সংস্কার উপ- কমিটি গঠন করা হয়।

গণঅভ্যুত্থান পরবর্তী জনরোষে ক্ষতিগ্রস্ত কুমিল্লা ক্লাবের সংস্কার ও মেরামতের লক্ষ্যে কুমিল্লার গণপূর্ত উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলীকে প্রধান করে এবং ক্লাব সদস্য রইছ আবদুর রব ও অ্যাডভোকেট শহীদুল হক স্বপনকে সদস্য করে সংস্কার ও মেরামত উপ-কমিটি গঠন করা হয়।

ads

এ ছাড়া কুমিল্লা ক্লাবের বর্তমান গঠনতন্ত্র সংস্কারকল্পে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজকে আহবায়ক ও ক্লাব সদস্য জহিরুল হক দুলাল ও ইমরুল আনোয়ার লিটনকে সদস্য করে গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি গঠন করা হয়।

ad

পাঠকের মতামত