দাবি মানার আশ্বাসে কুমিল্লা শহরেই লং মার্চ সমাপ্ত
নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চের ৫ দফা দাবি পূরণে আশ্বাস পাওয়ায় কুমিল্লা শহরেই পদযাত্রা সমাপ্তের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।
এ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় কুমিল্লা নগরীর টাউনহলে আসতে শুরু করে ছাত্র-জনতা। বিকেল ৪ টায় এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘন্টা সমাবেশ করে তারা। পরে বিকেল সাড়ে ৫ টায় নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় গিয়ে পদযাত্রা সমাপ্ত ঘোষণা করা হয়।
জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোসাদ্দেক ইবনে মাহমুদ, গোলাম মুহাম্মদ সামদানী, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন প্রমুখ।
জানা গেছে, বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে’ ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানিপ্রবাহ ইচ্ছামতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে তারা।
উল্লেখ্য, আজ সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী। এছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ১০টি ট্রাক দিয়ে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ।











